মহাসড়কের পাশে চিকিৎসকের লাশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচরায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে আবদুল্লাহ আল মাহমুদ (২৮) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর বাড়ি পাবনা শহরের আটুয়া হাউজিং পাড়া মহল্লায়।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দীন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশের মাথা ও হাতের ওপর দিয়ে কোনো যানবাহনের চাকা চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় ভাই অনিক মাহমুদ জানান, আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক। সে ঢাকায় একটি হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মধ্য রাতে সেটি বিকল হয়। বাড়িতে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন আবদুল্লাহ আল মাহমুদ। ফেসবুকেও এ ঘটনার পোস্ট দেয়। সকালে তাঁর লাশ পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মোতাহার হোসেন জানান, সন্ধ্যায় বাবা, মা ও ভাই এসে লাশ শনাক্ত করেন। স্বজনদের দেওয়া তথ্যমতে অনুসন্ধান চালানো হচ্ছে। মোটরসাইকেলের সন্ধান মেলেনি। পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।