মহিলা আ.লীগের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ১০
মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। খালিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে গতকাল রোববার বিকেলে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম মিয়ার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রোকসানা ইয়াসমিনের উপস্থিতিতে গতকাল দুপুরে খালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন নেতাদের নাম প্রস্তাব নিয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতি ও পরিষদের আসবাব ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে নয়জন আহত হন।
সিরাজুল হক মোল্লা ও শাহ আলম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।