মহিলা আ.লীগের নেতাকে প্রধান আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির এক সাবেক নেতাকে হত্যার ঘটনায় গত সোমবার রাতে থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতিসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত বেবী গাজী (৫০) ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী পরিষদের সাবেক সদস্য ছিলেন। ধলইতলা গ্রামে গত শনিবার বিকেলে তাঁকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়।
থানা-পুলিশ জানায়, নিহত বেবী গাজীর মেজো ছেলে রাজীব গাজী বাদী হয়ে শাহানারা শামীম ওরফে লাকিকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে মামলাটি করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত হত্যার ঘটনায় কেউ আটক হয়নি। শাহানারা শামীম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে হত্যার ঘটনায় আসামিপক্ষের ১০টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায়, আসামিপক্ষের প্রায় ৫০টি বাড়িতে কোনো পুরুষ নেই। এসব বাড়ির নারী ও শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ওই ১০টি বাড়িতে ভাঙচুরের চিহ্ন রয়েছে। ভুক্তভোগী পরিবারের দুই নারী বলেন, শনিবার রাতে এসব বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। রাতে কেউ ভয়ে বাড়িতে থাকছেন না।
ধলইতলা গ্রামের ছয়জন বাসিন্দা বলেন, আধিপত্য বিস্তারের জের ধরে বেবী গাজী ও শাহানারা শামীমের মধ্যে ঝামেলা ছিল। পাঁচ বছর আগে থেকে সেগুলো প্রায় মিটমাট হয়ে যায়। এখন আবার ঝামেলা শুরু হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, হত্যার পরপরই শনিবার প্রতিপক্ষের কিছু বাড়ি ভাঙচুর হয়েছে। পুলিশ মোতায়েন থাকায় পরিবেশ এখন শান্ত।