মহিলা আ.লীগের নেত্রীকে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনার মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের এক নেতা ও সমাজকর্মীকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

তাঁর নাম মমতাজ পারভীন। তাঁর ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার মা জেলা মহিলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক। তিনি একজন সমাজকর্মী। নবজাতক চুরি ঠেকানো ও নবজাতক উদ্ধারের ব্যর্থতা ঢাকতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ আমার মা মমতাজ পারভীনকে মামলায় আসামি করে ফাঁসিয়েছে।’

লিখিত বক্তব্যে মমতাজের মেয়ে সাবরিন সুলতানা বলেন, ‘আমার বাবা গুরুতর অসুস্থ অবস্থায় ৮ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আলট্রাসনোগ্রাম করাতে বাবাকে নিয়ে আমার মা হাসপাতালের নিচতলায় যান। সেখানে চিৎকার-চেঁচামেচি শুনে মা এগিয়ে গিয়ে জানতে পারেন, হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে নবজাতক চুরি হয়েছে। এ সময় তিনি ভুক্তভোগীদের আশপাশে খুঁজে দেখার পরামর্শ দেন। তখন অপরিচিত এক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা দাবি করে আমার মাকে নবজাতক চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করেন। ওই ব্যক্তি পরে মাকে পুলিশে ধরিয়ে দেন।’

সাবরিন আরও বলেন, ‘আমাদের বাড়ি শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায়। আমার মা মমতাজ পারভীন নিজ এলাকায় শুকতারা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক। এই সংস্থার মাধ্যমে তিনি ২০ বছর ধরে সমাজের নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে আসছেন।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকার সময় আমার বাবার পরীক্ষা-নিরীক্ষার সব কাগজপত্র আছে। তা ছাড়া বিষয়টি আমার মা শুরু থেকেই পুলিশকে বলে আসছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি।’

সংবাদ সম্মেলন থেকে নবজাতক চুরির মূল হোতাদের খুঁজে বের করা এবং মমতাজ পারভীনের মুক্তির দাবি জানানো হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম বলেন, ‘মমতাজ জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক। দোষী সাব্যস্ত হলে তাঁকে বহিষ্কার করা হবে।’

৯ জুলাই ওই নবজাতক চুরির ঘটনায় মমতাজ পারভীনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তিনি কারাগারে আছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম বলেন, ফাঁসানোর অভিযোগ সত্য নয়। নবজাতক চুরির ওই ঘটনার ফুটেজ পুলিশ ও র‍্যাবকে দেওয়া হয়েছে। মমতাজের স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু ৯ জুলাই ছাড়পত্র না নিয়েই চলে যান।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, ‘নবজাতকটিকে এখনো পাওয়া যায়নি। আর এজাহারে নাম আসায় মমতাজ পারভীনকে গ্রেপ্তার করা হয়।’