মহিলা কোটায় পুরুষ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে একটি উচ্চবিদ্যালয়ে নীতিমালা উপেক্ষা করে সংরক্ষিত মহিলা কোটায় পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ওই শিক্ষককে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়ের সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক (কম্পিউটার) নিয়োগের জন্য গত ১২ অক্টোবর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এতে আটজন প্রার্থী আবেদন করেন। ১৬ নভেম্বর ছয়জন প্রার্থী লিখিত পরীক্ষা দেন।
বেসরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে শতকরা ৩০ ভাগ মহিলা শিক্ষক থাকতে হবে। এটি না করে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গাজীপুরের সাবেক জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অনিয়মের মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে আরিফুল ইসলাম ওরফে সেলিমকে গতকাল বুধবার নিয়োগ দেন। সহকারী শিক্ষক পদপ্রার্থী নাজমুন নাহার লিখিত পরীক্ষায় ভালো করলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নিয়োগ নীতিমালা অনুযায়ী মহিলা শিক্ষক নেওয়ার কথা থাকলেও অনিয়মের মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে একজন পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
তবে মোস্তাফিজুর রহমান দাবি করেন, নীতিমালা অনুযায়ী সেলিম মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ কমিটির সদস্য ও জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া বলেন, অনিয়ম হয়ে থাকলে তা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেখবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ জানান, নীতিমালা না মেনে মহিলা শিক্ষকের জায়গায় পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া সম্পূর্ণ অবৈধ।