মহিলা জামায়াতের জেলা আমিরসহ গ্রেপ্তার ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরা বানুসহ সংগঠনটির ৩৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাত সোয়া নয়টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে হোসনে আরার বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে জানা যায় ভওয়াখালি গ্রামের আশেক এলাহীর বাড়িতে জেলা মহিলা জামায়াতের বৈঠক চলছে। পুলিশ বাড়িটি ঘেরাও করে। এক ঘণ্টার মতো ঘেরাও করে রাখার পর ভেতরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদসহ ৩৭ জনকে আটক করা হয়।
এসপি বলেন, মহিলা জামায়াতের জেলা আমির হোসনে আরার স্বামী আশেক এলাহী জেলা জামায়াতের আমির। অভিযানের সময় আশেক এলাহীকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।