লক্ষ্মীপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে মা ও মেয়েকে তুলে এনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ি থেকে তাঁদের উদ্ধার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার দুজন হলেন সদর উপজেলার মহেশখিল গ্রামের জোছনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে মিনু আক্তার (২৫)।
জোছনা বেগম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারিহা আক্তার ও তাঁদের বাড়ি দুটি গ্রামে হলেও খুব বেশি দূরে নয়। তিনি তিন ধরে ওই বাসায় কাজ করছেন। দুই দিন আগে ফারিহাকে তাঁর স্বামী কামরুল হাসান মারধর করেন। এতে রাগ করে ফারিহা তাঁর বাবার বাড়িতে চলে যান। গত বুধবার রাতে কামরুল তাঁদের বাসায় আরও দুজনকে নিয়ে মাদকের আড্ডা বসান। একপর্যায়ে মাদক শেষ হয়ে গেলে জোছনার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. জসিম উদ্দিনকে মাদক আনতে বলেন। কিন্তু জসিম রাজি না হয়ে বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে কামরুল তাঁর সহযোগীদের নিয়ে বুধবার দিবাগত রাত তিনটার দিকে জোছনা ও তাঁর মেয়ে মিনুকে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে আসেন। পরে আটকে রেখে তাঁদের ওপর নির্যাতন চালান। গতকাল বেলা আড়াইটার দিকে তাঁদের উদ্ধার করে পুলিশ।
জানতে চাইলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে কামরুল বলেন, তাঁর ঘর থেকে জোছনার ছেলে জসিম ১৮ হাজার টাকা চুরি করেন। এ বিষয়ে জসিমের মা ও বোনকে জিজ্ঞাসা করার জন্য তাঁর বাড়িতে আনা হয়। তাঁদের কোনো মারধর করা হয়নি।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারিহা আক্তার বলেন, দুই দিন আগে তিনি বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। গতকাল সকালে তিনি বাড়ি ফিরে আসেন। মা-মেয়েকে নির্যাতনের ব্যাপারে তিনি কিছু শোনেননি।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে মা ও মেয়েকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।