মহিষে আমনের চারা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মহিষ আমনের বীজতলার চারা খেয়ে ফেলায় দুই পরিবারের বিরোধের জের ধরে চালানো হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাফর হাওলাদার (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্যমতে, একই বংশের মালেক হাওলাদার ও মুসা হাওলাদার পাশাপাশি বাস করেন। গতকাল বিকেলে মালেক হাওলাদারের চার-পাঁচটি মহিষ মুসা হাওলাদারের খেতের আমন বীজতলার চারা খেয়ে ফেলে। সন্ধ্যা সাতটার দিকে এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালেক হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মুসা হাওলাদারের ছেলে জাফর হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় তাঁর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। জাফর হাওলাদার মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন পরিবারের সদস্যরা। এ সময় জাফর হাওলাদারের ভাই শহীদ হাওলাদার, স্ত্রী রানী বেগম, ছেলে রিফাত ও চাচাতো ভাই হাবিব হাওলাদার গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত জাফরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।