মহেশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার পূর্ব পাহাড়ি এলাকা থেকে গতকাল শনিবার অপহৃত এক চিংড়িঘেরের মালিককে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যবসায়ী মোহাম্মদ রাসেলের (২৯) বাড়ি উখিয়া উপজেলার রাজাপালংয়ে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, গত মঙ্গলবার বিকেলে মোহাম্মদ ছাদেক নামের এক ব্যক্তি বেড়াতে যাওয়ার কথা বলে তাঁর বন্ধু চিংড়িঘেরের মালিক মোহাম্মদ রাসেলকে রাজাপালং এলাকা থেকে মহেশখালীতে নিয়ে আসেন। এরপর কৌশলে রাসেলকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার সন্ত্রাসী গোষ্ঠী এনাম বাহিনীর হাতে তুলে দেন।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা রাসেলকে আটকে মুঠোফোনে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে রাসেলকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাসেলের পরিবার উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
দিদারুল ফেরদাউস বলেন, শনিবার ভোররাতে পুলিশ কালাগাজিরপাড়ার পূর্ব পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর চাচাতো ভাই হেলাল উদ্দিন ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।