মহেশখালীতে অপহৃত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে অপহৃত মোহাম্মদ সেলিমের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৩৫ দিন পর গতকাল শনিবার উপজেলার হোয়ানক ইউনিয়ন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হেতালিয়া ও অমাবস্যাখালি চিংড়িঘের দখল নিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল করিম ও ফেরদৌস চৌধুরী নামের এক ব্যক্তির মধ্যেবিরোধ চলে আসছে। গত ১ আগস্ট রাতে ফেরদৌস চৌধুরীর দখলে থাকা অমাবস্যাখালি চিংড়িঘেরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ফাঁকা গুলি করে চিংড়িঘের থেকে ফেরদৌসের শ্যালক মোহাম্মদ সেলিমকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ফেরদৌস চৌধুরী এনামুল করিমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত শুক্রবার সন্ধ্যায় উমখালি চিংড়িঘেরের দক্ষিণ-পশ্চিমে প্যারাবনের ভেতরে একটি লাশ দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে গতকাল বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। পরনের কাপড় দেখে স্বজনেরা লাশটি শনাক্ত করেন।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, লাশের শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে।