মহেশখালীতে অস্ত্র ও গান পাউডারসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে চারটি এলজি, একটি বন্দুক, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন দেশীয় অস্ত্র তৈরির কারিগর উলা মিয়া ও তাঁর স্ত্রী নাসিমা আক্তার। পুলিশের দাবি, উলা মিয়ার বাড়িতে অস্ত্র তৈরি করা হতো। উলা মিয়া নিজের বাড়িতে কারখানা বানিয়ে অস্ত্র তৈরি করে তা বাইরে বিক্রি করত। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও অস্ত্র তৈরির কাজে জড়িয়ে পড়েন।
গতকাল বিকেলে কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম ও মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে উলা মিয়া দাবি করেন, তাঁর ছোট ভাই জাফর আলম দীর্ঘদিন ধরে বাড়িতে অস্ত্রশস্ত্র ও কার্তুজ তৈরি করে বাইরে পাচার করে আসছিলেন। পুলিশ যেসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে তা তাঁদের নয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশ এর আগেও কয়েকবার উলা মিয়ার বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাঁকে ধরা যায়নি।
কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় উলা মিয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।