মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাবের অভিযানে মহেশখালীতে উদ্ধার করা অস্ত্র ও গুলি
র‌্যাবের অভিযানে মহেশখালীতে উদ্ধার করা অস্ত্র ও গুলি

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে গতকাল বুধবার অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে ২২টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র তৈরির দুই ‘কারিগরকে’।
র্যাব জানায়, অস্ত্র তৈরির কারখানা থেকে ১৪টি একনলা বন্দুক, ছয়টি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার রাইফেল, একটি রাইফেল, ১৭টি শটগানের গুলি ও ৪টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, পাইপ, লোহা কাটার ব্লেড ও প্লায়ার্সসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবদুল মাবুদ (৪০) ও মোহাম্মদ আবু তাহের (৪২)। আবদুল মাবুদের বাড়ি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইলের পাহাড়তলীতে। তাহেরের বাড়ি ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটায়।
র্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান প্রথম আলোকে বলেন, বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় পাহাড়ের গহিন অরণ্যে দেশি অস্ত্র তৈরির একটি কারখানা আছে—এই খবরের ভিত্তিতে গতকাল সকালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় প্রথমে অস্ত্রের কারিগর আবদুল মাবুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে গতকাল বিকেলে র্যাবের কক্সবাজার ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অস্ত্র তৈরির ওই দুই কারিগর দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, রোহিঙ্গা, জলদস্যু ও ডাকাতদের কাছে বিক্রি করে আসছিলেন। আর এসব অস্ত্র দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত হচ্ছে। এর আগে ২০০৬ সালে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আবদুল মাবুদকে র্যাব গ্রেপ্তার করে। চার বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়ে আবারও অস্ত্র তৈরির কাজে জড়িয়ে পড়েন।
লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।