মহেশখালীতে অস্ত্রসহ ব্যাংক ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ ব্যাংক ডাকাতি মামলার পলাতক আসামি সরওয়ার কামালকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে এলজি ও দুটি কার্তুজসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি ইউনিয়নের উত্তর ঝাপুয়া এলাকায়।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, রোববার রাত ১১টায় সরওয়ারসহ তিনজন চকরিয়া উপজেলার বদরখালী স্টেশন থেকে অটোরিকশাযোগে চালিয়াতলি হয়ে কালারমারছড়ার নিজ বাড়িতে আসছিলেন। অটোরিকশাটি চালিয়াতলি পৌঁছার পর পুলিশ সরওয়ারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল সকালে সরওয়ারের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, সরওয়ার চট্টগ্রামের মুরাদপুর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ডাকাতি ও দারোয়ান হত্যা মামলার অন্যতম আসামি। এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। গ্রেপ্তার এড়াতে সরওয়ার চট্টগ্রাম থেকে পালিয়ে নিজ গ্রামে আসছিলেন। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।