মহেশখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১টায় উপজেলার শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ১৩টি ওয়ান শুটারগান ও ৪৩০টি গুলি উদ্ধার করা। এই তিনজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালীপাড়ার মোহাম্মদ হাবিবুর রহমান, একই ইউনিয়নের বাড়িয়াছড়ি এলাকার মোহাম্মদ নাসির উদ্দিন ও কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের শহিদুল ইসলাম।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, উপজেলার শাপলাপুর এলাকায় কিছু সংখ্যক অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র বেচাকেনার জন্য অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার শাপলাপুর এলাকা থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পাশের একটি বসতবাড়ির গোয়ালঘরের ভেতরে খড়কুটোর মধ্যে থেকে ১৩ টি ওয়ান শুটারগান, ৪৩০টি গুলি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।