মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার ৭টি আগ্নেয়াস্ত্রসহ ১১ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া মো. শাহাজানের (৪৮) বাড়ি ইউনিয়নের কেরুনতলী এলাকায়। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক শরাফত ইসলাম প্রথম আলোকে বলেন, অস্ত্র মজুতের খবরে পেয়ে র্যাব সদস্যরা শুক্রবার সকাল ১০টার দিকে কেরুনতলী গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালান। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মো. শাহাজানকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী খামারের দক্ষিণ পাশে লুকানো ৪টি একনলা বন্দুক, ৩টি শুটার গান, ১৫টি গুলি ও ৩ হাজার ৪০০টি এয়ার গানের গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, মো. শাহাজান কুখ্যাত সন্ত্রাসী এনাম বাহিনীর সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্রগুলো চিংড়ি ঘেরে ডাকাতির জন্য মজুত করা হয়েছিল।
বিকেলে র্যাবের কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শরাফত ইসলাম জানান, গ্রেপ্তার শাজাহানকে মহেশখালী থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করা হবে।