মহেশখালীতে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাসহ চার মামলার পলাতক আসামি আবদুল করিমকে (৪৫) ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোয়ানক ইউনিয়নে ছনখোলাপাড়া বাজারে অভিযান চালিয়ে চার মামলার পলাতক আসামি আবদুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গাড়িতে তোলার সময় করিম তাঁর হাতে থাকা টর্চলাইট দিয়ে স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালামের (৪৫) মাথায় আঘাত করেন। এ সময় করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। পরে করিমের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় করিমের স্বজনদের হামলায় পুলিশের কনস্টেবল আরিফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও আবদুল হান্নান আহত হন। খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে গিয়ে পুলিশের আহত চার সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসআই আবুল কালামকে সেখানে ভর্তি করা হয়েছে। পুলিশের অন্য তিন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় আহত এসআই আবুল কালাম ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।