মহেশখালীতে আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ এনাম (৪০)। গতকাল শুক্রবার ভোর চারটায় উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটটি মামলা রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিয়ারছড়া পাহাড়ি এলাকার গহিন অরণ্যে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। নিহত এনাম স্থানীয় জোনাব আলী বাহিনীর অন্যতম সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী। প্রতিপক্ষ মোহাম্মদ জালাল বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ৩টি দেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এনামের বাড়ি হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার, পাহাড়ি জায়গা দখল ও পানের বরজে চাঁদাবাজি নিয়ে হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার সন্ত্রাসী বাহিনী জোনাব আলী ও মোহাম্মদ জালালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এর আগেও বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।

এনাম হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।