মহেশখালীতে ইউপি সদস্যের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাতঘরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার শাপলাপুর বাজারে দুই যুবক মাতলামি করছিল। এ সময় শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তাদের বাজার থেকে বের করে দেন। এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে সাতঘরপাড়ায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তারা বাড়ির বিভিন্ন আসবাব ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে জসিমের মা জাহানারা বেগম, ভাই আবু ছিদ্দিক ও বোন সেলিনা আক্তারকেও মারধর করা হয়।
ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধের অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তাঁর দাবি, সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণ, নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করেছে। হামলার ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, হামলার ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।