মহেশখালীতে গুলিতে ডাকাতি মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে হত্যা ও ডাকাতি মামলার এক আসামি গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ফরিদুল আলম ওরফে ফরিদ নিজ নামে ডাকাত দল পরিচালনা করতেন। প্রতিপক্ষ ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর চারটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সাহেবমিয়াছড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ফরিদের বিরুদ্ধে মহেশখালী থানায় সাতটি ডাকাতি, একটি হত্যা, দুটি অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, উত্তর নলবিলা এলাকায় ডাকাতদের দুটি দল সক্রিয়। একটির নেতৃত্বে ছিলেন ফরিদ, আরেকটি দলের নেতা মোজাম্মেল হক ওরফে শেকু ডাকাত। গতকাল ভোরে মোজাম্মেল ও ফরিদ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হন ফরিদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে সকাল ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত ফরিদের বড় ভাই মনির আহমদ বলেন, গতকাল ভোররাতে ফরিদকে ধরার জন্য বাড়িতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে গুলি করে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, দুটি ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধেই ফরিদ মারা গেছেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ১৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মোজাম্মেল হকসহ অন্য ডাকাতদের ধরতে অভিযান চলছে।