কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনের দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দু শুক্কুরের (২২) বাড়ি পৌর এলাকার দাসিমাঝির পাড়ায়। কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে গত রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নিহত শুক্কুরের বাবা আবুল কাসেম বলেন, গত রোববার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে ঘোনাপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মকছুদ মিয়া ও ‘বিদ্রোহী’ প্রার্থী সরওয়ার আজমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সরওয়ারের অন্তত ৩০ জন সমর্থক আহত হন। এ সময় ছোড়া গুলিতে শুক্কুরসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে পটিয়া এলাকায় শুক্কুর মারা যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক শুক্কুরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।