মহেশখালীতে গৃহবধূকে গলাটিপে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা গলাটিপে কুলসুমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বর্ণ বন্ধক নিয়ে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝিরপাড়ার এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে একই এলাকার সাইরারডেইল জালিয়াপাড়ার মিজানুর রহমানের স্ত্রী কুলসুমা বেগমের বিরোধ চলে আসছিল। এক মাস আগে কুলসুমা তাঁর বন্ধকি স্বর্ণ ছাড়িয়ে নিতে পুরানবাজারে ওই ব্যক্তির দোকানে যান। কিন্তু তিনি স্বর্ণ না দিয়ে উল্টো কুলসুমাকে মারধর করে তাড়িয়ে দেন। এ নিয়ে কুলসুমা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার দিলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হন। শুক্রবার রাত একটার দিকে প্রতিপক্ষের লোকজন কুলসুমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলাটিপে কুলসুমাকে হত্যা করে। পরে তারা লাশটি বাড়ির পশ্চিম পাশে সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর আট বছরের ছেলে ওয়াজ উদ্দিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার সময় কুলসুমার স্বামী মিজানুর রহমান মাছ ধরার জন্য সাগরে ছিলেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্বর্ণ বন্ধকের জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে।