মহেশখালীতে গৃহবধূকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল বৃহস্পতিবার গৃহবধূ হোছনে আরা বেগমের (৩৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১১ বছর আগে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব বড়ছড়ার মো. মোস্তাকের সঙ্গে একই ইউনিয়নের কালাগাজীপাড়ার হোছনে আরা বেগমের বিয়ে হয়। সূত্রের ভাষ্যমতে, সম্প্রতি স্বামীর পরকীয়ার জের ধরে পারিবারিক কলহ দেখা দেয়। এ কলহের জের ধরে গতকাল বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ির লোকজন হোছনে আরাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গৃহবধূর গলায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।