মহেশখালীতে গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মনহাজিরপাড়া গ্রামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
উম্মে হাবিবা (২০) নামের ওই গৃহবধূ ১৫ আগস্ট বিষপান করেন। ১৮ আগস্ট তিনি মারা যান। গত রোববার রাতে হাবিবার বাবা জালাল আহমদ জামাতা মোস্তাক আহমদসহ আটজনকে আসামি করে এ মামলা করেন। মামলায় গৃহবধূর শ্বশুর-শাশুড়িকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সাড়ে তিন বছর আগে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের উত্তররাজঘাট এলাকার উম্মে হাবিবার সঙ্গে মনহাজিরপাড়ার বাসিন্দা মোস্তাক আহমদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস না যেতেই যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন হাবিবার ওপর নির্যাতন চালান। পরে হাবিবা বাবারবাড়ি থেকে চার লাখ টাকা এনে শ্বশুরকে দেন। কয়েক দিন না যেতেই আবারও পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য হাবিবার ওপর নির্যাতন চালানো হয়। যৌতুক না পেয়ে ১৫ আগস্ট সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে হাবিবা বিষপান করেন। খবর পেয়ে বাবারবাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গত ১৮ আগস্ট ভোররাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে হাবিবার শ্বশুর শাহ আলম বলেন, ‘বিষপান করে সে নিজেই আত্মহত্যা করেছে। তাকে কেউ মারধর করেনি।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।