মহেশখালীতে গৃহবধূর চুল কেটে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গতকাল বুধবার এক গৃহবধূর (২৪) চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের কয়েকজন বখাটে মুঠোফোনে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় তারা ওই গৃহবধূর ওপর ক্ষিপ্ত হয়। পরে চুরির অভিযোগ এনে গতকাল সকালে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতে আঘাত করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ওই গৃহবধূর মাথার চুল কেটে দেয়। এ সময় ওই গৃহবধূ ও তাঁর দুই শিশুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আত্মীয়স্বজনেরা ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, ওই গৃহবধূর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
কুতুবজোম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেছেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।