মহেশখালীতে গোলাগুলিতে 'সন্ত্রাসী বাহিনীপ্রধান' নিহত
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলির চাফকাটা নয়াঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে গোলাগুলিতে ‘সন্ত্রাসী বাহিনীর প্রধান’ ফরিদুল আলম ওরফে সোনা মিয়া (৩৫) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতি ও চাঁদাবাজি নিয়ে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার সিরাজউদ্দৌলাহ ও ফরিদুল আলম ওরফে সোনা মিয়ার সন্ত্রাসী বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে গতকাল ভোররাতে চাফকাটা নয়াঘোনা এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, পরে ঘটনাস্থল থেকে একটি এলজিসহ গুলিবিদ্ধ ফরিদুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি এলজি, দুটি কার্তুজ ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশের কনস্টেবল আবদুল মতিন (২৩) ও মোহাম্মদ রাসেল (২২) সামান্য আহত হয়েছেন। তাঁদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ফরিদুল কার গুলিতে নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে নয়টি গুলি ছুড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া বলেন, নিহত ফরিদুল একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটি মামলা আছে। এ ছাড়া ফরিদুলের বিরুদ্ধে আরও ১১টি মামলা আছে।