মহেশখালীতে ঘের দখল নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫টি চিংড়িঘের দখলকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজনের গুলিতে ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিংড়িঘেরের মালিক ও স্থানীয় প্রশাসন সূত্রে জানায়, উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ কারণে ওই বিদ্যুৎকেন্দ্রের জন্য এক হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। পরে গত ২৪ আগস্ট ওই অধিগ্রহণ করা জমি বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিডেটের কাছে হস্তান্তর করে। অধিগ্রহণ করা জমির মধ্যে চিংড়িঘেরের মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয়। এতে ২৫টি চিংড়িঘেরের তালিকা তৈরি করে ২৩ জন ঘেরের মালিককে চিংড়ি চাষের ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা বিতরণ করে।
তবে অধিকাংশ চিংড়িঘের ও মালিক ভুয়া দাবি করে এলাকাবাসী ও জমির মালিকেরা লিখিতভাবে অভিযোগ করলে গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রথমে ছয় সদস্যের ও পরে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক ও জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্য করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে। অভিযোগ তদন্ত করতে ওই তদন্ত কমিটি গতকাল ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করার কথা ছিল।
এদিকে তদন্ত কমিটি এলাকায় পৌঁছার আগেই সকাল ১০টার দিকে ছোয়ান্যার চিংড়িঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মমতাজুল ইসলাম (৪৫), মাস্টার আবদুস সালাম (৪৫), মোহাম্মদ মন্নান (৩৪), কাইছার হোসেন (৩০), ফরিদুল আলম (৩০) ও মবিনুল ইসলাম (৩৪) আহত হন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মনজুর আলম বলেন, প্রকল্প এলাকায় কাজ শুরু না হওয়ায় চিংড়ি চাষের কোনো ক্ষতি হয়নি। কিন্তু চিংড়ি চাষের ক্ষতি দেখিয়ে সিন্ডিকেটের সদস্যরা ওই প্রকল্প এলাকায় ভুয়া চিংড়িঘের দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘ভুয়া চিংড়িঘের দেখিয়ে সিন্ডিকেটের সদস্যরা ক্ষতিপূরণের নাম দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বেশ দুঃখজনক।’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘চিংড়িঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু গতকাল বিকেল চারটা পর্যন্ত এ নিয়ে কেউ লিখিত অভিযোগ দেননি।’