
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামে গতকাল সোমবার চুরির অভিযোগে একটি শিশুকে বেদম মারধর করা হয়েছে।
মারধরে আহত শিশু মোহাম্মদ নয়নকে (১২) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বড় ডেইল গ্রামে।
আহত নয়ন বলে, চার মাস ধরে সে গৃহকর্মী হিসেবে আপন চাচা শাকের আলমের বাড়িতে কাজ করে আসছে। এ জন্য প্রতি মাসে সে এক হাজার টাকা করে বেতন পায়। গতকাল সকালে টাকা চুরি অভিযোগে তার চাচা তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করেন। পরে তাকে ঘরের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখা হয়।
মোহাম্মদ নয়ন বলে, তার চাচা বাড়ি থেকে বের হলে সে রশি ছিঁড়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে এলাকাবাসী তাকে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালামের কাছে নিয়ে যান।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, নয়নের বাবা ফরিদুল আলম সাত বছর আগে মারা গেছেন। আর তার মা অভাবের তাড়নায় কাজের সন্ধানে এক বছর আগে চট্টগ্রাম শহরে চলে যান।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে শাকের আলমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, লাঠির আঘাতে নয়নের শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শাকেরকে আসামি করে মামলা করেছেন ইউপি সদস্য আবুল কালাম। তিনি বলেন, মামলার আসামিকে ধরার চেষ্টা চলছে।