মহেশখালীতে ছাত্রীকে বখাটের ছুরিকাঘাত
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। ধারালো অস্ত্রের আঘাতে মেয়েটির মুখের বাঁ পাশে গুরুতর জখম হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে আশেক উল্লাহকে গতকাল বুধবার মহেশখালী ডিগ্রি কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কলেজে বখাটেদের কোনো স্থান নেই। ছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আশেককে কলেজ থেকে তাঁরা বহিষ্কার করেছেন।
বড়মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ বলেন, অনেক দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়া করার সময় ওই ছাত্রীকে দেবাঙ্গাপাড়ার বখাটে যুবক আশেক উল্লাহ উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিকেলে অস্ত্রের মুখে ছাত্রীকে জিম্মি করে অপহরণ করার চেষ্টা করেছিল ওই বখাটে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে মেয়েটির মুখের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশতিয়াক খালেদ বলেন, মেয়েটির অবস্থা উন্নতি হওয়ায় গতকাল সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মেয়েটিকে ছুরিকাঘাত করার ঘটনায় বখাটে আশেক উল্লাহসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের ধরতে চেষ্টা চলছে।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বখাটেদের গ্রেপ্তার করার জন্য ওসিকে বলা হয়েছে।