মহেশখালীতে ডাকাতের গুলিতে শ্রমিক নিহত
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতের গুলিতে এক শ্রমিক নিহত ও অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়ার ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মোহাম্মদ মিজানের (২৪) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়। গতকাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচজন শ্রমিক মিনিট্রাকে করে চকরিয়ার বদরখালী থেকে উপজেলার ছোট মহেশখালীর লম্বাঘোনা এলাকার রোকন ব্রিকফিল্ডে (ইটভাটা) আসছিলেন। গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়ার ফার্ম এলাকায় পৌঁছানোর পর ডাকাতেরা ট্রাকের গতি রোধ করার চেষ্টা করে। এ সময় চালক মো. ইলিয়াছ গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদের গুলিতে শ্রমিক মিজান ও নুরুল হক গুলিবিদ্ধ এবং চালক আহত হন।
অন্য শ্রমিকেরা গুলিবিদ্ধ দুই শ্রমিককে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রানা চৌধুরী জানান, মিজানের মুখ ও গলায় গুলি লেগেছে। নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ডাকাতের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।