মহেশখালীতে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকায় গত মঙ্গলবার রাতে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও সড়কে ডাকাতি নিয়ে চালিয়াতলি এলাকার মোহাম্মদ সাজ্জাদ (২৮) ও মোহাম্মদ একরামুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে সাজ্জাদ আহত হন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও আটটি গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক ও একটি কার্তুজসহ সাজ্জাদকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ রাত ১২টার দিকে সাজ্জাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে রাত দুইটার দিকে সাজ্জাদ মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার শীল বলেন, সাজ্জাদের বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলির আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, সাজ্জাদ এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার অজ্ঞাতনামা ১০-১৫ জন ডাকাতকে আসামি করে হত্যা মামলা করেছে। এ ছাড়া অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।