মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলি
কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ফিশিং বোটের দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হন আরও চার ব্যক্তি। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার পশ্চিমে এ ঘটনা ঘটে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এখতিয়ার উদ্দিন জানান, সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সোমবার সন্ধ্যার পর থেকে স্থানীয় দালালের মাধ্যমে বিভিন্ন এলাকার লোকজন উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় জড়ো হতে থাকেন। পরে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় দালালেরা ২৮ জন যাত্রীকে ঘটিভাঙার পশ্চিমে একটি নৌকায় তুলে দেওয়ার সময় সোনাদিয়া ও বড় মহেশখালী এলাকার লোকজন হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ফিশিং বোটের শ্রমিক আব্দুশ শুক্কুর ও রফিক উল্লাহ গুলিবিদ্ধ হন। আহত হন আরও চার ব্যক্তি।