চিংড়িঘের নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের হেতালিয়া চিংড়িঘের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক ওরফে কালা মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হেতালিয়া ও অমাবস্যাখালী চিংড়িঘের দখল নিয়ে হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল করিম ও ব্যবসায়ী ফেরদৌস চৌধুরী মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এনামের লোকজন দুই দফা ওই চিংড়িঘেরে হামলা চালায়। সর্বশেষ গতকাল ভোরে এনামের লোকজন হেতালিয়া চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে গোলাগুলির ঘটনায় এনাম পক্ষের মোজাম্মেল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রানা চৌধুরী জানান, মোজাম্মেলের বুকের ডান দিকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চিংড়িঘের দখল নিয়ে এনাম ও ফেরদৌস পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে এক মাস আগে চিংড়িঘেরে হামলা চালিয়ে এনাম পক্ষের লোকজন ফেরদৌস পক্ষের একজনকে অপহরণ করে। এ ঘটনায় এনামুল করিমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন ফেরদৌস। অপহরণ মামলাটির তদন্ত চলছে।
অভিযোগের বিষয়ে এনামুল করিম ও ফেরদৌস চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। গতকাল দুপুর থেকে একাধিকবার চেষ্টা করেও দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়ে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, চিংড়িঘের দখলের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোজাম্মেল নিহত হয়েছেন। কার গুলিতে মোজাম্মেল মারা গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, নিহত মোজাম্মেলের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। সংঘর্ষের ঘটনায় গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।