মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার পূর্বপাড়ার বল খেলার মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয় আবুল কালাম ও সোনা মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একরাম মিয়া (২৭), আমেনা বেগম (৪২), মোহাম্মদ হোছাইন (৪২), মোহাম্মদ জসিম উদ্দিন (২৫), মোহাম্মদ মকছুদ (২০), আব্দু শুক্কুরসহ (৩১) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে আহত ব্যক্তিদের মধ্যে জসিম ও আমেনা বেগমকে গতকাল রাত আটটার দিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নিজাম উদ্দিন তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।