মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি গ্রামে গতকাল বুধবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদুল আলমের সঙ্গে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ আহমদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল সকালে ফরিদুল আলমের সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাক আহমদকে মারধর করে রশিদ আহমদের লোকজন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফরিদের লোকজন রশিদের বসতবাড়িতে হামলা চালায়। পরে ফরিদ ও রশিদের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় ফরিদের সমর্থক আয়েশা বেগমের বসতবাড়িতে ভাঙচুর করা হয়। এ সময় হামলায় আয়েশা বেগম আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মোস্তাক আহমদ ও রশিদ আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’