মহেশখালীতে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মহেশখালীতে ২১ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার নামে সাগরে জাহাজে আটকে মুক্তিপণ আদায়ের অভিযোগে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের বাড়ি টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, পেকুয়া ও মহেশখালীর বিভিন্ন এলাকায়।
গত বুধবার রাতে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি আবদুল আজিজ ও সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা মোহাম্মদ হাসানসহ ১৭ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রথমে টেকনাফে নিয়ে যান। পরে ট্রলার করে বঙ্গোপসাগরে তাঁদের একটি জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজে আটকে হাসানের বাবার কাছ থেকে মানব পাচারকারীরা দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। অন্য ১৬ জনের কাছ থেকেও একইভাবে মুক্তিপণের টাকা আদায় করা হয়। প্রায় চার মাস বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর মিয়ানমারের নৌবাহিনী জাহাজটি আটক করে। পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ২ ডিসেম্বর মিয়ানমার থেকে তাঁরা দেশে ফিরে আসেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বুধবার রাতে ২১ জন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা হওয়ার পর তাৎক্ষণিকভাবে এলাকায় অভিযান চালিয়ে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।