কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার রাতে দুটি চিংড়িঘেরে হামলা চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন গুলিবিদ্ধসহ নয়জন শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার দক্ষিণে একটি চিংড়িঘেরে হানা দেয়। পরে তারা মালামাল লুটপাট করতে শুরু করে। শ্রমিকেরা এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিক বদিউল আলম (৪০) গুলিবিদ্ধ হন।
এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ এনামুল হক, নুরুল আলম, নুরুল আবছার ও নুরুল হক আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে গুলিবিদ্ধ বদিউলকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে শনিবার রাত ১২টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাঝের চরে একটি চিংড়িঘেরে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তারা শ্রমিকদের মারধর করে চারটি মুঠোফোন, একটি পাম্পমেশিন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলায় চিংড়িঘেরের শ্রমিক মোস্তাক আহমদ, কামাল হোছাইন, আবদুর রহমান ও রুহুল কাদের আহত হন।
স্থানীয় সূত্রমতে, দুটি ঘের থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ফেরদাউস বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।