মহেশখালীতে দুটি ডাকাত দলের 'গোলাগুলিতে' নিহত ১
কক্সবাজারের মহেশখালীতে দুটি ডাকাত দলের মধ্যে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি-মাতারবাড়ী সড়কের ধারাদিয়াখাল এলাকায় এ ঘটনা ঘটে। ‘গোলাগুলির’ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই কনস্টেবল ছররা গুলিতে আহত হন।
গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, দুটি কার্তুজ ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত মোহাম্মদ মুরাদের (৩২) বিরুদ্ধে ডাকাতি ও অপহরণের মামলা রয়েছে। তাঁর বাড়ি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে। মুরাদের বড় ভাই আবুল হাসনাত জানান, কয়েক মাস আগে মুরাদের বিরুদ্ধে অপহরণের মামলা হয়। পরে মুরাদ এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরে চলে যান। কিন্তু গতকাল বুধবার সকালে হঠাৎ তাঁরা খবর পান মুরাদ মারা গেছেন। কার গুলিতে তাঁর ভাই মারা গেছেন, তা জানেন না তিনি।
মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চালিয়াতলি ও মাতারবাড়ী এলাকার দুটি ডাকাত দলের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরে মঙ্গলবার রাত একটায় চালিয়াতলি-মাতারবাড়ী সড়কের ধারাদিয়াখালের পূর্ব পাশে চান মিয়ার চিংড়িঘের-সংলগ্ন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কনস্টেবল নজরুল ইসলাম ও আবু ফয়সাল গুলিবিদ্ধ হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ১২টি গুলি ছোড়ে।
এসআই আরও বলেন, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ডাকাত দলের সদস্য মুরাদকে উদ্ধার করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, মুরাদ নিহত হওয়া, পুলিশের ওপর গুলি ছোড়া ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।