মহেশখালীতে দুপক্ষের গোলাগুলিতে আহত ৮
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার পূর্বপাড়ায় গতকাল সোমবার দুই পক্ষের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ছররা গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, এলাকার আধিপত্য বিস্তার ও সাগরে জলদস্যুতা নিয়ে সোনাদিয়া পূর্বপাড়ার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির সময় ছররা গুলিতে মাহবুব আলম, আরিফুল হক, শামসুল আলম, আবদুল গফুর, ফাতেমা বেগম, নকিব মিয়া, নবাব মিয়া ও মোহাম্মদ জসিম আহত হন। আহত ব্যক্তিদের কক্সবাজার সদরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।