মহেশখালীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বসতভিটার জমি নিয়ে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহিপাড়ার আবদুল মালেক ওরফে ভোলাইয়া ও আবদুল জব্বারের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবদুল মালেকের লোকজন বসতভিটার জমি দখল করতে গেলে জব্বার তাঁর লোকজন নিয়ে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে।
সংঘর্ষে আবদুল মালেকের পক্ষের পারভিন আকতার (২৫), রোজিনা আক্তার (২৪), মঞ্জু আরা (৪০), মর্তুজা বেগম (৩৫) ও কোহিনুর আকতার (১৫) এবং জব্বারের পক্ষের মতিউর রহমান (৫০), তসলিমা বেগম (২৫), সেলিনা আকতার (২৫) ও আবদুল জব্বার (৬০) আহত হন।