মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রিদুয়ান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রমজান আলী নামের এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে এই ঘটনা ঘটে। নিহত রিদুয়ান কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া এলাকার আক্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, গতকাল রাত ১০টার দিকে নোনাছড়ি বাজারের লবণ ব্যবসায়ী রমজানের কার্যালয়ে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রমজান আলী ও তাঁর কর্মচারী রিদুয়ানকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রিদুয়ান নিহত হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ রমজানকে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় পুলিশের অভিযান চলছে।