মহেশখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়ার মুরুংঘোনা বিলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রামদাসহ আহত অবস্থায় এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকার ওচমান গণি ও জাহেদুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মুরুংঘোনা বিলে ওই বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেছিলেন ওচমান গণি। গতকাল দুপুরে তিনি ধান কাটার জন্য তাঁর লোকজন নিয়ে সেখানে যান। এ সময় জাহেদের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের ওপরও হামলা চালানো হয়। এতে লাঠি ও দায়ের কোপে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারী, কনস্টেবল নুরুল ইসলাম ও আনসার সদস্য আবদুল গফুর আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে রামদাসহ ওয়াজ উদ্দিন নামের এক যুবককে আহত অবস্থায় আটক করে। আহত আনসার সদস্য গফুর ও আটক ওয়াজ উদ্দিনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ধান কাটা নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।