মহেশখালীতে পিটুনিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকার একটি বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরির চেষ্টাকালে পিটুনির শিকার হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ সূত্রের ভাষ্য মতে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে একদল চোর পৌর এলাকার পুটিবিলা পালপাড়ায় মাস্টার মোহাম্মদ আমিনের বাড়িতে চুরি করতে যায়। চোরেরা কৌশলে দরজা খুলে ভেতরে ঢোকার সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। এ সময় তাঁরা ধাওয়া করে শাকের উল্লাহ (২০) নামের এক চোরকে আটক করেন। পরে তাঁকে ছাড়িয়ে নিতে চোরেরা ওই বাড়ির গৃহকর্তার ছেলে ওয়াহেদ কাদেরকে (২২) ছুরিকাঘাত করে। কিন্তু চোরেরা শাকেরকে ছাড়িয়ে নিতে পারেনি। পরে ওই বাড়ির লোকজনের পিটুনিতে শাকের গুরুতর আহত হন। আহত শাকেরকে গতকাল শুক্রবার সকালে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে মারা যান।
আহত ওয়াহেদকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চুরি করতে গিয়ে ওই বসতবাড়ির লোকজনের হামলায় চোরের দলের সদস্য শাকের নিহত হয়েছেন।