মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে রশিদ বাহিনীর প্রধান রশিদ আহমদ ওরফে কালা রশিদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রশিদের (৩৫) বাড়ি উপজেলার হোয়ানক উইনয়নের পূর্ব পুঁইছড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা আছে। তিনি পুলিশের এসআই পরেশ কারবারি হত্যা মামলারও আসামি।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, রশিদ ও তাঁর সহযোগীদের ধরতে সন্ধ্যা সাতটার দিকে টাইমবাজার এলাকায় অভিযান চালান কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় পুলিশ ধাওয়া করে রশিদকে ধরার চেষ্টা করলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ হন পুলিশ সদস্য মোহাম্মদ বায়োজিদ (২১)। তাঁকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রশিদের সহযোগীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।