কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে মানব পাচার মামলার আসামিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর চারটায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা বড়ধার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ পরে মানব পাচার মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আবদুর রহিম (৩২), আবদুল মালেক (৩৮), জাহাঙ্গীর আলম (২৫) ও সফি আলম (৩৫)। তাঁরা সবাই কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্যমতে, চিহ্নিত জলদস্যু ও মানব পাচারকারীদের ধরার জন্য গত শনিবার দিবাগত রাত দুইটায় কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা বড়ধার খাল এলাকায় অভিযান চালানো হয়। ভোর চারটা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারের সময় মানব পাচারকারীরা পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, মানব পাচারের অভিযোগে আবদুর রহিমের বিরুদ্ধে তিনটি, আবদুল মালেকের বিরুদ্ধে দুটি ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। শফি আলমের বিরুদ্ধে ডাকাতি ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা রয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।