মহেশখালীতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি গুলি, 'কালা রশিদ' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলির সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় রশিদ বাহিনীর প্রধান রশিদ আহমদ ওরফে কালা রশিদ (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ সদস্য। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রশিদের বাড়ি উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে মহেশখালী থানায় তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারী হত্যা মামলাও আছে।
পুলিশের ভাষ্য, স্থানীয় সন্ত্রাসী বাহিনী রশিদ বাহিনীর প্রধান রশিদ ও তাঁর সহযোগীদের ধরতে সন্ধ্যা সাতটার দিকে টাইমবাজার এলাকায় অভিযান চালান কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে রশিদকে ধরার চেষ্টা করলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন পুলিশ সদস্য মোহাম্মদ বায়োজিদ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, রশিদের সহযোগীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।