মহেশখালীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী' নিহত
কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার পাহাড়ের গহিন অরণ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন পুলিশের সাতজন সদস্য। বন্দুকযুদ্ধের পর অস্ত্র ব্যবসায়ীদের আস্তানা থেকে ১৩টি বন্দুক ও ৩২টি গুলি উদ্ধার করা হয়।
গত বুধবার প্রথম আলোয় ‘মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নিহত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়ার (৫০) বাড়ি বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকায়।
পুলিশ সূত্র জানায়, অস্ত্রের কারখানার খোঁজ পেয়ে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ গতকাল ভোররাতে কেরুনতলীর পাহাড়ের গহিন বনের চারপাশ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় সংখ্যায় কম হওয়ায় পুলিশ কিছুটা পিছু হটে। পরে ওসি পুলিশ সুপারের (এসপি) সহায়তা চান। একপর্যায়ে পুলিশের ৫০ জন সদস্যসহ অভিযানে যোগ দেন এসপি এ কে এম ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে তাঁর নেতৃত্বে পাহাড়ে অভিযান শুরু হয়। অস্ত্র ব্যবসায়ীরা আবারও পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়া গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে উপপরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক সঞ্জীব দত্ত, মেহেদী হাসান, শহিদুল ইসলাম এবং কনস্টেবল রুবেল শর্মা, মিঠুন ভৌমিক ও সবিনয় চাকমা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ খুইল্যা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর পুলিশ খুইল্যা মিয়ার আস্তানা থেকে ১৩টি দেশে তৈরি বন্দুক, ৩২টি গুলি ও খুইল্যা মিয়ার শরীর থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। খুইল্যা মিয়ার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা আছে। তিনি একটি অস্ত্র মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, খুইল্যা মিয়া সহযোগীদের নিয়ে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন। কিছুদিন আগে তাঁর ভাই আবদুল মাবুদ অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়েন।
বেলা আড়াইটার দিকে মহেশখালী থানা চত্বরে এসপি এ কে এম ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তারে কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান চলছে।