মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে একযুবক নিহত!
এলাকার আধিপত্য বিস্তার ও খাল দখলকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের গুলি ও দায়ের কোপে মোহাম্মদ জাফর আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, জাফর এলাকার চিহ্নিত ডাকাত এবং তাঁর বিরুদ্ধে থানায় চারটি হত্যা, একটি চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, অনেক দিন ধরে এলাকার আধিপত্য বিস্তার, খাল দখল ও লবণ-বোট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকার মোহাম্মদ সোনা মিয়া ও জাফর আলমের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এক মাস আগে সোনা মিয়া তাঁর লোকজন নিয়ে দক্ষিণ ঝাপুয়ার পশ্চিমের খাল থেকে প্রতিপক্ষ জাফরকে উচ্ছেদ করেন। এর পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। সর্বশেষ গতকাল সকাল ছয়টার দিকে জাফর তাঁর নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলেন।
পরে প্রতিপক্ষের লোকজন প্রথমে গুলি ও পরে দায়ের আঘাত করলে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তাঁর চিৎকারে আত্মীয়স্বজন এগিয়ে এলে ফাঁকা তিনটি গুলিবর্ষণ করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যান।
এদিকে আত্মীয়স্বজন জাফর আলমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ রমিছ বলেন, ‘প্রতিপক্ষের লোকজন গুলি করে ও দা দিয়ে কুপিয়ে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের প্রধান সোনা মিয়া ও তাঁর দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ডাকাত দলের সদস্যদের গুলি ও দায়ের কোপে আরেক ডাকাত দলের সদস্য জাফর নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গতকাল বেলা তিনটা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।