মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
নদীতে জাল বসানোকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে জাফর আলম ওরফে সোনাইয়্যা (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুদিরছড়া নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে মুদিরছড়া নদীতে জাল বসানোকে কেন্দ্র করে ছোটমহেশখালী ইউনিয়নের দক্ষিণ কূল এলাকার জাফর আলমের সঙ্গে মোসলেম মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে মা-ভাগিনারছড়ার মুখে মুদিরছড়া নদীতে জাফর তাঁর লোকজন নিয়ে জাল বসাতে যান। মোসলেম মিয়া তাঁর লোকজন নিয়ে এতে বাধা দেন। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে জাফর গুরুতর আহত হন। এ সময় বেলাল হোসেন, মোস্তাক আহমদ ও হেলাল উদ্দিনসহ আরও চারজন আহত হন।
বিকেল সাড়ে পাঁচটায় স্বজনেরা জাফরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত বেলাল, মোস্তাক ও হেলাল চিকিসার জন্য কক্সবাজার সদর হাসপাতলে গেলে পুলিশ তাঁদের আটক করে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তিনজনকে আটক করা হয়েছে।