মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার আধিপত্য বিস্তার ও দিলদার হত্যার জের ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার বিকেলে প্রতিপক্ষের গুলিতে নেছারুল করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, নিহত নেছার প্রতিপক্ষ দিলদার হত্যা মামলার অন্যতম আসামি। ওই হত্যার জের ধরে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার ও সংরক্ষিত পাহাড়ি এলাকার জমি দখলকে কেন্দ্র করে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার দিদারুল আলম ওরফে দিলদার ও সালাহ উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১২ সালের ৮ জানুয়ারি সকালে র্যাব ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দিলদার (৩৫) নিহত হন। কিন্তু দিলদারকে গুলি করে হত্যা করার অভিযোগ এনে তাঁর বাবা এম ফোরকান বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করে। ওই মামলায় নেছারকে দুই নম্বর আসামি করা হয়। পরে গ্রেপ্তার এড়াতে নেছার দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। দুই মাস আগে নেছার দেশে ফিরে আসেন।
এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহিরপাড়ার আবুল হোসেনের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়ি দেবাঙ্গাপাড়ায় ফেরার পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে তাঁর ওপর হামলা চালায়। এ সময় নেছার পালিয়ে ফের ওই বিয়েবাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিয়েবাড়ির উঠানে পৌঁছলে প্রতিপক্ষের লোকজনের গুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নেছার নিহত হন। পরে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, প্রথমে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নেছারের ওপর হামলা চালান। পরে তিনি পালিয়ে আবার ওই বিয়েবাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়িতে ঢোকার আগে উঠানে পৌঁছলে পেছন থেকে প্রতিপক্ষের লোকজন গুলি করে নেছারকে হত্যা করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নেছার হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।