মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মো. জাফর আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।
নাম প্রকাশ না করে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও লবণবাহী ট্রলার থেকে চাঁদা আদায় নিয়ে এলাকার একজনের সঙ্গে জাফরের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আজ সকালে দক্ষিণ ঝাপুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। জাফর চিৎকার করলে তাঁকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় জাফরের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নিহত জাফরের বিরুদ্ধে চারটি হত্যা ও একটি চাঁদাবাজির মামলাসহ ১১টি মামলা রয়েছে।